শিরোনাম

বরগুনা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বেতাগী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ সব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ.সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান কবির। এতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) কৃষিবিদ অনিমেষ বালা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘সরকার কৃষকদের উন্নয়নের জন্য বিভিন্নভাবে কৃষি অফিসের মাধ্যমে ভর্তুকি দিয়ে আপনাদের এসব বীজ ও রাসায়নিক সার দিচ্ছে। আপনারা এগুলো সঠিক সময়ে চাষ করে দেশের মানুষের চাহিদা মিটাবেন এটাই আমরা চাই। আপনাদের যেকোনো কৃষি পরামর্শের জন্য কৃষি অফিসার বা কৃষি অফিসে যোগাযোগ করবেন বলে আশা করছি।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস.এম.নুরুল ইসলাম পান্না, সাধারণ সম্পাদক হাবীবুর রহমান নান্না, মোকামিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম সুজন, সাংবাদিক সাইদুল ইসলাম মন্টু।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহজামাল।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, আউশ চাষ বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনার আওতায় এই উপজেলার ৫ হাজার ৫০০ জন প্রান্তিক কৃষককে পর্যায়ক্রমে ৫ কেজি করে আউশ বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হবে।