বাসস
  ২২ আগস্ট ২০২৬, ১৮:৪৯

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত

কক্সবাজার, ২২ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার চকরিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে ইজিবাইক উল্টে রাস্তায় পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা মনি (১১) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে।

আজ শনিবার সকালে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান, চকরিয়া থানার ওসি আরিফুর রহমান।

মৃত তানহা চকরিয়া পৌরসভার দক্ষিণ কাহারিয়াঘোনা এলাকার মাওলানা জাফর আলমের ছেলে। সে চকরিয়া পৌরসভাস্থ মগবাজার মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

তানহা মনির বাবা চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং চকরিয়া চিরিঙ্গা বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

স্থানীয়দের বরাতে ওসি আরিফুর রহমান বাসসকে বলেন, সকালে স্থানীয় কয়েকজন শিশুসহ ইজিবাইক যোগে মাদ্রাসায় পড়তে যাচ্ছিল তানহা মনি। তাদের বহনকারী গাড়ীটি কাহারিয়াঘোনা এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা বালুবাহী ট্রাককে পাশ দিতে গিয়ে উল্টে যায় ইজিবাইকটি। এতে তানহা ইজিবাইকের ডান পাশে এবং বাম পাশে অপর এক ছাত্রী পড়ে যায়। এসময় তানহা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পরপরই চালক ও সহকারী ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান ওসি।

ওসি জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করেছে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।