শিরোনাম

কুমিল্লা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। অভিযানের সময় তাদের কাছ থেকে দু’টি চাপাতি ও একটি দুই মুখী চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম আজ সকালে বিষয়টি বাসস’কে নিশ্চিত করেন।
তিনি জানান, জেলার বিভিন্ন স্থানে চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-গোবিন্দপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে রুবেল (২৪), ধর্মপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে সেলিম (২৪) এবং বাড্ডা এলাকার মৃত মতিন মিয়ার ছেলে ইউসুফ (২৬)।
র্যাব জানিয়েছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
মেজর সাদমান ইবনে আলম বলেছেন, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে, গত রোববার কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৫জনকে গ্রেপ্তার করে র্যাব। ওই ঘটনায় গ্রেপ্তার হলেন-ইমরান হোসেন হৃদয় (৩৭), মোহাম্মদ সোহাগ (৩০), ইসমাইল হোসেন জনি (২৫), মোহাম্মদ সুজন (৩২) ও রাহাতুল রহমান জুয়েল (২৭)।
র্যাব জানায়, চক্রটি সংঘবদ্ধভাবে ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের সঙ্গেও তাদের সম্পৃক্ততা রয়েছে। তাদের কাছ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা, চাপাতি এবং সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।