শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ২২ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে জেলা শহরের পৌর পার্ক মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জারিফ তুহিন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক মো. তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে এ সমাবেশে রাজশাহী জেলা কৃষকদলের সভাপতি মো. শফিকুল ইসলাম সমাপ্ত, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম ও সদস্য সচিব মো. দুরুল হুদা, গোমস্তাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক মো. আনারুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, একসময় বরেন্দ্র অঞ্চলে পানির অভাবে জমিতে এক ফসল উৎপাদন হতো। ১৯৯২ সালে বিএনপি সরকারের আমলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে গভীর নলকূপ স্থাপনের ফলে এক ফসলি জমিতে তিন ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টি হয়েছে।
তারা আরও বলেন, বর্তমান সরকার কৃষকদের জন্য ঋণ মওকুফসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেয়া হবে।