বাসস
  ২২ আগস্ট ২০২৬, ১৯:০৪

যশোর সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 

ছবি : বাসস

যশোর, ২২ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ শার্শা উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর অভিযানকালে ভারতীয় শাড়ি, ওষুধ, কসমেটিকস সামগ্রী, ফুসকা প্রভৃতি মালামাল জব্দ করা হয়েছে। 

জব্দকৃত এসব মালামালের সর্বমোট মূল্য আনুমানিক নয়লাখ ৮২ হাজার ২৩০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। 

আজ শনিবার বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে। 

বিজিবি সূত্রে জানা যায়, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভারতীয় শাড়ি ৫৪ পিস, ফুসকা ২৩ কেজি, ছয়হাজার ২৯৫ পিস বিভিন্ন ওষুধ, ১২৭টি কসমেটিকস সামগ্রী এবং জিরা ও চকলেট জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সর্বমোট মূল্য আনুমানিক নয়লাখ ৮২ হাজার ২৩০ টাকা। 

বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।