শিরোনাম

নেত্রকোণা, ২২ আগস্ট, ২০২৬ (বাসস): ‘যুক্তির মঞ্চে শানিত হোক মেধা’ এ প্রতিপাদ্যে নেত্রকোণায় ১০টি উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
প্রধান অতিথি বলেন, ‘একটি গণতান্ত্রিক সমাজে বিতর্কের চর্চা থাকা আবশ্যক। এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আরও শাণিত করার সুযোগ পাবে। এটি তাদের বুদ্ধিবৃত্তিক চর্চা ও চিন্তার পরিধি বাড়াবে এবং ভবিষ্যতে নেতৃত্ব প্রদানে উদ্বুদ্ধ করবে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজার সঞ্চালনায় কর্মশালায় সেশন পরিচালক হিসেবে প্রশিক্ষণ প্রদান ও বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়সার, যমুনা টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার দেবাশীষ রঞ্জন সরকার, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লেকচারার মাহফুজা মাহবুব এবং আবু আব্বাস ডিগ্রী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার।
এ কর্মশালায় জেলার ১০টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।