বাসস
  ২২ আগস্ট ২০২৬, ১৯:০৮

পটুয়াখালীতে জিপিএ-৫ পাওয়া ১৩০ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

ছবি : বাসস

পটুয়াখালী, ২২ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার বাউফলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ছাত্রদল।

আজ শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, উপহারসামগ্রীসহ পরিবেশ সুরক্ষায় বিভিন্ন ফলদ ও ওষুধি গাছের চারা প্রদান করা হয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটু। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশরাফুল ইসলাম বিপ্লব, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান শামীম চৌধুরী এবং বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব নিয়াজ উদ্দিন খান।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য মেধাবী তরুণ প্রজন্ম গড়ে তোলা জরুরি। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা।

কৃতি শিক্ষার্থীদের পক্ষে বাছিরা বিনতে বাশার বলেন, এ ধরনের উদ্যোগ তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং ভবিষ্যতের লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে।