বাসস
  ২৮ এপ্রিল ২০২৬, ১৫:৩২
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৬:২৩

রংপুরকে মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন কমিশনার

ছবি: বাসস

রংপুর, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : রংপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেছেন, রংপুরের অন্যতম প্রধান সমস্যা মাদক। এই সমস্যা শুধু রংপুরে নয়, সারা দেশেই বেড়ে গেছে। মাদকের সঙ্গে অন্যান্য অপরাধ যুক্ত হয়ে অপরাধ প্রবণতাও বাড়ছে। সাংবাদিকদের সহযোগিতা নিয়ে রংপুরকে মাদকমুক্ত করতে কাজ করা হবে।

গতকাল সোমবার সন্ধ্যায় মহানগর পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রংপুরে মাদকের পাশাপাশি চুরি-ছিনতাই ও যানজট উল্লেখযোগ্য সমস্যা। প্রায়ই চুরি-ছিনতাইয়ের ঘটনা শোনা যায়। এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং নগরীকে নিরাপদ রাখতে পুলিশ কাজ করবে। পাশাপাশি নগরীতে অটোরিকশার দৌরাত্ম্য রয়েছে, যা নিয়ন্ত্রণে অবৈধ অটোরিকশা চলাচলের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

কমিশনার বলেন, রংপুর একটি শান্তির শহর। এখানকার মানুষ সহজ-সরল। পুলিশের টিম গঠন করে সমন্বিতভাবে কাজের মাধ্যমে অপরাধ দমন করে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এ সময় তিনি সাংবাদিকদের কাছে দীর্ঘ ১৮ বছর পদোন্নতি বঞ্চিত থাকার অভিজ্ঞতা তুলে ধরেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবার সহযোগিতায় দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সিনিয়র সাংবাদিক মাহবুবার রহমান হাবু, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, সিনিয়র সাংবাদিক বাবলু নাগ প্রমুখ। 

এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।