শিরোনাম

চট্টগ্রাম (দক্ষিণ), ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার বোয়ালখালী উপজেলায় মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি চৌধুরী নন্দীপাড়ার বাবুল মাস্টার বাড়ির মৃত বুলবুল চৌধুরীর ছেলে। রনি খামারে মুরগি পালনের পাশাপাশি এলাকায় টিউশনিও করাতেন।
প্রতিবেশী আজিম বাসস’কে জানান, সকালে রনি খামারের বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। নাস্তা করার জন্য তাকে ডাকতে খামারে যান রনির মা। তখন ছেলেকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে রনিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাহিনা বলেন, সকাল ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক যুবককে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।