বাসস
  ২৮ এপ্রিল ২০২৬, ১৪:২৭

চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত 

চট্টগ্রাম (দক্ষিণ), ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার লোহাগাড়া উপজেলায় আজ নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন-খাগড়াছড়ি জেলার পানছড়ি চৌধুরী পাড়ার মৃত মংশি মগের ছেলে ইন্দাসারা ভিক্ষু প্রকাশ উচিমং মগ (৪৪)। নিহত অপর দুইজনের পরিচয় জানা যায় নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম অভিমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। এতে মাইক্রোতে থাকা ৩ জনই ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র বাসস’কে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি ২জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বাসস’কে বলেন, মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং আরও ৪ জন আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।