বাসস
  ২৮ এপ্রিল ২০২৬, ১৪:১৯
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৫:৪১

জাতীয় আইনগত সহায়তা দিবসে জয়পুরহাটে আলোচনা 

মঙ্গলবার সকাল ৯টায় জয়পুরহাট জেলা জজ আদালত চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সার্কিট হাউস প্রদক্ষিণ করে।ছবি: বাসস

জয়পুরহাট, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস): ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (মঙ্গলবার) জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। 

এই উপলক্ষে সকাল ৯টায় জয়পুরহাট জেলা জজ আদালত চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সার্কিট হাউস প্রদক্ষিণ করে।

জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত আইনগত সহায়তা বিষয়ক মেলা পরিদর্শন শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা ও দায়রা জজ অনুপ কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম, নারী ও শিশু আদালতের বিচারক হালিমা মন্ডল, জেলা লিগ্যাল এইড অফিসার ফয়সাল আহমেদ প্রমুখ।

সভায় জানানো হয়, বিগত ১ বছরে জয়পুরহাটে মোট ৬৯৩টি প্রি-কেইস এডিআর, ৮৭টি পোস্ট-কেইস এডিআর, ১১২৪টি আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে। আপোষ মীমাংসার মাধ্যমে সুবিধাভোগীদের টাকা উত্তোলন করা অর্থের পরিমাণ ৫০ লাখ ২৩ হাজার ৮১০ টাকা। এছাড়াও ৬৯৯টি মামলায় প্যানেল আইনজীবী নিয়োগ করা হয়েছে। 

জাতীয়ভাবে দিবসটি পালনের মাধ্যমে আইনগত সহায়তার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা অতীতের তুলনায় অনেক বেড়েছে। আলোচনা সভায় বিচারক, বিচার প্রার্থী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।