শিরোনাম

লক্ষ্মীপুর, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলা শহরে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান রাব্বি (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর মডেল হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জাহিদ হাসান সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের নূর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় কালবৈশাখী ঝড়ের কারণে এলাকায় বিদ্যুৎ ছিল না। জাহিদ মোটরসাইকেলযোগে শহর থেকে দক্ষিণ তেমুহনীর দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহিদ ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই চালক অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।
স্থানীয় ওষুধ ব্যবসায়ী রনি ও ফজলু মিয়া বাসস’কে বলেন, মডেল হাসপাতাল এলাকাটি অত্যন্ত জনবহুল ও ঝুঁকিপূর্ণ। এর আগেও সেখানে সড়ক দুর্ঘটনায় এক শিশু প্রাণ হারান। আমরা গতিরোধক নির্মাণের দাবি জানাচ্ছি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মহন্ত বাসস’কে জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত গতিরোধক নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাসস’কে বলেন, অটোরিকশাটি শনাক্ত করার চেষ্টা চলছে।