বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ১৪:৪২

ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি উল্টে হেলপার নিহত

ঝালকাঠি, ২৬ এপ্রিল,২০২৬(বাসস):জেলার রাজাপুরে ইটবোঝাই একটি ট্রলি উল্টে খাদে পড়ে তানভীর ইসলাম (১৮) নামে ট্রলি চালকের হেলপার নিহত হয়েছে।

আজ রোববার দুপুর ১টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের গালুয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর ইসলাম সদর উপজেলার দক্ষিণ পিপলিতা এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

নলছিটি থানার ওসি সুজন বিশ্বাস জানান,  ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি তিন চাকার ইটবোঝাই ট্রলির সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রলিটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রলির হেলপার  তানভীর ইসলাম  ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার পর ট্রলির চালক শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

পরে স্থানীয়দের সহযোগিতায় ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহত তানভীরকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।