শিরোনাম

মাদারীপুর, ২৬ এপ্রিল, ২০২৬(বাসস) : মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদার বলেছেন, ষড়যন্ত্র করে দেশের সরকার বা প্রধানমন্ত্রীর কোনো ক্ষতি করা যাবে না। তিনি বলেন, ‘এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। তাই অপপ্রচার চালিয়ে জনগণের সমর্থন নষ্ট করা সম্ভব নয়।’
আজ রোববার সকালে কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘যারা মাইক হাতে নিয়ে রাজপথে অযথা কথা বলছেন ও বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হবেন। বর্তমান সরকার কোনো অনিয়ম বা কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসেনি, বরং জনগণের ম্যান্ডেট নিয়েই সরকার গঠন করেছে।’
এ সময় তিনি দাবি করেন, একটি মহল পরিকল্পিতভাবে সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তবে এসব ষড়যন্ত্র সফল হবে না বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ফজলে এলাহী, কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, ডাসার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী এবং ডাসার উপজেলা বিএনপির নেতা আলাউদ্দিন তালুকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে তিনি ডাসার উপজেলার শশীকর উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।