বাসস
  ২৪ এপ্রিল ২০২৬, ২৩:২৬

নরসিংদীতে ১৫৫ বস্তা ভারতীয় জিরা জব্দ, আটক ২

নরসিংদী, ২৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৫৫ বস্তা জিরা জব্দ করা হয়েছে।

এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৭ লাখ ৯০ হাজার টাকা। নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এ তথ্য জানিয়েছেন। 

আজ শুক্রবার দুপুরে গোকুলনগর এলাকার লাল মিয়া পেট্রোল পাম্পের সামনে এ অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-২০৩৯) থামিয়ে তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতরে পাথরের খোয়ার নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার মোট ওজন ৪ হাজার ৬৫০ কেজি। গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার আয়নাল ফকির ওরফে সাগর (৩৮) এবং মো. শাহিন মোল্লা (৩৩)।

উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে রায়পুরা থানায় আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, বৈধ কাগজপত্র না দেখাতে পারায় জিরাগুলো জব্দ করা হয়েছে। ভারত থেকে আনার কথা গ্রেফতারকৃতরা নিশ্চিত করেছে। আমাদের আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।