বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৮:৫৭

টেকনাফে বিজিবি’র হোয়াইক্যং চেকপোস্টে পিস্তলসহ আটক ১

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : কক্সবাজারের টেকনাফে বিজিবি’র হোয়াইক্যং চেকপোস্টে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ একজন সিএনজি চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গতকাল বুধবার রাতে মোহাম্মদ হামিদ (৩৯) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি টেকনাফের হ্নীলা ফুলের ডেইল এলাকার আব্দুল জব্বরের ছেলে। 

বিজিবি জানায়, টেকনাফের হ্নীলা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি সিএনজি বিজিবি’র উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্টের কাছে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যগণ সিএনজি’র চালককে থামার সংকেত প্রদান করে। 

কিন্তু চালক বিজিবি সদস্যদের সংকেতকে অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে, বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে ব্লকার ব্যবহার করে সিএনজিটিকে থামাতে সক্ষম হয় এবং চালক মোহাম্মদ হামিদকে (৩৯) আটক করে। 

পরবর্তীতে বিজিবি সদস্যরা সিএনজিটি পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে চালকের সিটের ভেতর থেকে ১টি ৯ মি. মি. পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এক রোহিঙ্গা ডাকাতের কাছ থেকে ওই অস্ত্র সংগ্রহ করে পালংখালী এলাকায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বহন করছিল বলে সে স্বীকার করেছে। 

উদ্ধারকৃত পিস্তলসহ আটককৃত ব্যক্তিকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।