বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৪:১৩

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা 

জেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আজ শোভাযাত্রা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আজ শোভাযাত্রা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারে কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্মার্ট বাংলাদেশ’।
বৃহস্পতিবার সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে চুয়াডাঙ্গা হাসপাতাল চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। 

জেলা প্রশাসক বলেন, আমাদের একটা শ্রেণি আছে অতিপুষ্টির শিকার। আরেকটা শ্রেণি আছে যে তারা কিছুটা পুষ্টিহীনতায় ভুগছে। তবে আমরা স্বাধীনতা উত্তর যে অবস্থায় ছিলাম তার থেকে আমাদের বাংলাদেশ এখন অনেক অনেক বেশি এগিয়ে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্বাবধায়ক বিদ্যুৎ কুমার, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান। 

বক্তারা বলেন, পুষ্টির অভাবে শরীর ও মনের বিকাশে বাধা সৃষ্টি করে। তাই শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী মা এবং সকল বয়সী মানুষের জন্য সুষম খাদ্য নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানের শুরুতে পুষ্টি বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান।