শিরোনাম

সিরাজগঞ্জ, ২৩ এপ্রিল ২০২৬ (বাসস) : আজ সারা দেশে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। পুষ্টি সপ্তাহের এবছরের প্রতিপাদ্য ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলায় আজ থেকে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম আজ সকালে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে আকাশে রং-বেরঙের বেলুন উড়িয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ও মেলা উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্টু, জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একেএম মনজুরে মাওলা, জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতিসহ সরকারি বিভাগের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কালেক্টরেট ভবন চত্বর ঘুরে আবার সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ।
শোভাযাত্রা শেষে অতিথিরা জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সপ্তাহব্যাপী পুষ্টি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আভিসিনা হসপিটাল প্রাইভেট লিমিটেড, খোকন মেমোরিয়াল হসপিটাল, সিভিল সার্জন অফিস, জেলা মৎস্য অফিস, নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, প্রাণী সম্পদ অফিস, খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বিভিন্ন পুষ্টিকর খাদ্য নিয়ে মেলায় স্টল স্থাপন করেছে। আজ ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হবে।
পরে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।