শিরোনাম

রাঙ্গামাটি, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে) পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে। এরই মধ্যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ টি ইউনিটের ৪ টি ইউনিটই বন্ধ হয়ে গেছে। কেন্দ্রের ৫ টি ইউনিট হতে সর্বোচ্চ ২ শত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলেও বর্তমানে কেন্দ্রের ১ টি ইউনিট হতে শুধুমাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কপাবিকে এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান আজ বুধবার দুপুর ১২ টায় মুঠোফোনে বাসসকে জানান, প্রতি বছরই শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির স্থর কমতে থাকে। আর পানির উপর নির্ভরশীল এই কেন্দ্রের ৫ টি ইউনিট এর মধ্যে বুধবার সকাল ৯ টা পর্যন্ত শুধুমাত্র ২ নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বর্তমানে রুল কার্ভ অনুযায়ী কাপ্তাই লেকে ৮৩.৮০ ফুট মিন সি লেভেল (এমএসএল) পানি থাকার কথা থাকলেও আজ সকাল ৯ টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৭৭.৪৭ ফুট মিন সি লেভেল।
এদিকে, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা বাসস’কে জানান, বিগত সপ্তাহ গুলোতে কেন্দ্রের ৫ টি ইউনিটের মধ্যে ২ টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও কাপ্তাই লেকের পানির লেভেল দ্রুত কমতে থাকায় গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) হতে শুধুমাত্র ১ টি করে ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি বা যতদিন পর্যন্ত বৃষ্টি না হবে, ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।