শিরোনাম

কিশোরগঞ্জ, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।
নিহতরা হলেন ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকার মো. দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৮), ও পলতাকান্দা এলাকার মৃত কালাম মিয়ার ছেলে মোমেন (৩৫)। আহত নিপু ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত ও আহত ৩জনই পেশায় মাছের আড়তদার।
স্থানীয়রা জানায়, বিকেলে ভৈরব থেকে আশুগঞ্জের উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে ৩জন রওনা দেন। তারা সৈয়দ নজরুল ইসলাম সেতুতে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির ১টি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহ মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত মোমেনকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। অপর আরোহী নিপুকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আশুগঞ্জ গোলচত্বর এলাকায় একটি অটোরিকশাকে চাপা দিয়ে ট্রাকটি সড়কের রেলিংয়ের ওপর উঠে পড়ে। পরে স্থানীয় জনতা চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে। আটক চালক পারভেজ (৩২) হবিগঞ্জ সদর উপজেলার বড়বোগলা গ্রামের বাসিন্দা।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বাসস’কে জানান, জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনায় ১জন ঘটনাস্থলেই মারা এবং অপর ১জন হাসপাতালে নেয়ার পথে মারা যান। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।