শিরোনাম

বাগেরহাট, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার মোল্লাহাট উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় একযোগে উপজেলার এসএসসি’র ২টি কেন্দ্র, ভোকেশনাল ১টি কেন্দ্র এবং দাখিলের ১টি কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৪২৮জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ১৮৪ ছাত্র ও ২৪৪ ছাত্রী অংশ গ্রহণের কথা থাকলেও ৫ ছাত্র ও ৬ ছাত্রী অনুপস্থিত ছিলেন। একই কেন্দ্রে ভোকেশনাল শাখায় ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৮ ছাত্র ও ৩৩ ছাত্রী থাকলেও ৭ ছাত্র ও ১ ছাত্রী অনুপস্থিত ছিলেন।
চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৪০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৯ ছাত্র ও ১৮০ ছাত্রী অংশ গ্রহণের কথা থাকলেও ১ছাত্র ও ৪ছাত্রী অনুপস্থিত ছিলেন।
অপরদিকে, কাহালপুর আলীম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় মোট ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৪ ছাত্র ও ৭০ ছাত্রী থাকলেও ১৯ ছাত্র ও ৮ছাত্রী অনুপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান বাসস’কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পরীক্ষার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, ‘যেকোনো মূল্যে নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা হবে। প্রশাসন এ বিষয়ে সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে।’
সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার প্রথম দিনেই কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে এবং প্রশাসনের তৎপরতায় নকল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে অভিভাবক ও সচেতন মহলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।