বাসস
  ২২ এপ্রিল ২০২৬, ১১:১৩

বাগেরহাটে শব্দ দূষণবিরোধী অভিযানে হাইড্রোলিক হর্ণ জব্দ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি যানবাহনকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয় । ছবি:বাসস

বাগেরহাট, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় গতকাল মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেলার মাজার মোড় এলাকায় আকস্মিকভাবে ভ্রাম্যমাণ আদালত অভিযানে নামে।

অভিযানে মান মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫’-এর ৬(২) ধারা লঙ্ঘনের দায়ে ৪টি যানবাহনকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। একই সঙ্গে ৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে তা ধ্বংস করা হয়।

এ সময় পরিবহন চালকদের ভবিষ্যতে হাইড্রোলিক হর্ণ ব্যবহার থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুবাশ্বেরা সিদ্দিকা ও মো. লতিফুর রহমান। 

অভিযানে বাগেরহাট জেলা পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র বাসস’কে জানিয়েছেন।