বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১৪:৩৬

সুনামগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষার্থী ২৩ হাজার ২৭৬ জন

ছবি: বাসস

সুনামগঞ্জ, ২১ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। সুনামগঞ্জ জেলায় এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ২৭৬ জন শিক্ষার্থী।

এরমধ্যে জেলার ৪৫টি কেন্দ্রে এএসসি পরীক্ষায় ১৮ হাজার ৮৭ জন, ১৪টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৪ হাজার ৪০ জন এবং এসএসসি (ভোকেশনাল) ও ৮টি কেন্দ্রে দাখিল (ভোকেশনাল) ১ হাজার ১৪৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

আজ পরীক্ষার প্রথম দিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র এবং সহজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর মাদ্রাসার কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা।

সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জাকিয়া সুলতানা জানান, পরীক্ষা স্বচ্ছ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলো সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন বাসস’কে বলেন, জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীরা  পরীক্ষা দিচ্ছে। বিশেষ করে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে প্রথমবারের মতো প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ ‘একগুচ্ছ’ পদক্ষেপ নেওয়া হয়েছে।