বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১৪:২৭

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ব্রি ধান ১০২ জাত চাষে  কৃষকের সফলতা

  ব্রি ধান ১০২ জাতের বোরো ধানের চাষ করে সফল হয়েছেন স্থানীয় তিন কৃষক।ছবি: বাসস

রাঙ্গামাটি,২১ এপ্রিল, ২০২৬(বাসস):  জেলার কাপ্তাই উপজেলার চিৎমরমের দুর্গম চাকুয়া বড় পাড়ায়   ব্রি ধান ১০২ জাতের বোরো ধানের চাষ করে সফল হয়েছেন স্থানীয় তিন কৃষক।

রবি ২০২৫- ২০২৬ মৌসুমে জেলার কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন  ৭ নং ওয়ার্ডের দুর্গম চাকুয়া বড় পাড়ায় ২ একর কৃষি জমিতে  ব্রি ধান ১০২ জাতের বোরো ধানের চাষ করে সফল হয়েছেন ঐ এলাকার কৃষক সাথোয়াইঅং মার্মা, ওয়াচিং মার্মা এবং হ্লাসাউ মারমা।

আজ মঙ্গলবার চাকুয়া বড় পাড়ায় গিয়ে দেখা যায়  দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেতে শুধু ধান আর ধান।  কৃষকের সোনালী হাসির সাথে সবুজ ক্ষেতে সোনালী ধানের হাসি একাকার হয়ে গেছে।  সবুজ ধানক্ষেতের মাঝে সোনালী ধানের শীষ বাতাসে দুলছে, যা অপূর্ব প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে।

বোরো ধানের চাষ করে সফল হওয়া স্থানীয় কৃষক  হ্লাসাউ মারমা, সাথোয়াইঅং মার্মা এবং ওয়াচিং মার্মা বাসসকে বলেন, আমরা কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে এই প্রর্দশনী পেয়েছি। এখানে সর্বমোট ২ একর কৃষি জমিতে ব্রি ধান- ১০২ জাতের চাষ করেছি। এই বছর ফলনও ভালো হয়েছে, যখন ধান কাটবো আশা করছি বিগত বছরের চেয়ে এই বছর ভালো ফলন হবে।

কৃষক হ্লাসাউ মারমা  আরোও জানান অডউ পদ্ধতি ব্যবহার করায় প্রচলিত সেচ পদ্ধতির তুলনায় সেচ কম দিতে হয়েছে বলে উৎপাদন খরচ অপেক্ষাকৃত কম হয়েছে।

এ বিষয়ে  কাপ্তাই উপজেলা কৃষি  সম্প্রসারণ অধিদপ্তরে উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুদ বাসসকে জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  এ ডব্লিউ ডি( অডউ) প্রযুক্তির মাধ্যমে এই কৃষি ব্লকে তিন জন কৃষক ২ একর কৃষি জমিতে ব্রি ধান ১০২ জাতের ধানের চাষ করেছে। বেশ ভালো ফলন হয়েছে। আগামী মে মাসে ধান কাটা হবে।

তিনি জানান, এই ধানের ব্যাপক চাষ নিশ্চিত করতে পাহাড়ের প্রত্যন্ত দুর্গম এলাকাগুলোতে  কাজ করছে কৃষি বিভাগ।