শিরোনাম

কুমিল্লা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি সদস্যরা। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা।
মঙ্গলবার সকালে কুমিল্লা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বাসস’কে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কুমিল্লা ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ৫শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত এসব শাড়ির আনুমানিক মূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।