বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১১:০০
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৩:৪০

কুমিল্লায় সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক 

কুমিল্লা, ২১ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলায় র‌্যাব-১১ এর পৃথক অভিযানে ২৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারি এবং ২ জন সাজাপ্রাপ্ত আসামিকে আটক করা হয়েছে।

আজ সকালে র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গতকাল সোমবার দিবাগত রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার কোতয়ালী মডেল থানার পশ্চিম বাগিচাগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানকালে ৩ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এরআগে একই দিন সকালে বুড়িচং থানার মিরপুর এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানকালে মহসিন (৫৯) ও আলী আজগর কালু (৬৪) নামে দুই ব্যক্তিকে ২০ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

অপরদিকে, একই দিন রাতে কোতয়ালী মডেল থানার টমছমব্রিজ ও রসুলপুর এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. অলিউল্লাহ সুমন (৫৫) ও মিন্টু মিয়া (৪৯)কে আটক করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার মহসিন ও আলী আজগর কালু দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিল।

র‌্যাব অধিনায়ক মেজর বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।