বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ১১:৪১

লক্ষ্মীপুরে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি আজ শুরু হয়েছে 

সদর হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬। সোমবার সকালে জেলা সদর হাসপাতালে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ১১ মে পর্যন্ত এই কার্যক্রম চলবে। 

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, লক্ষ্মীপুর জেলায় এই কর্মসূচির আওতায় মোট ২ লাখ ৯৪ হাজার ২০৫ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে লক্ষ্মীপুর জেলা জুড়ে  মোট ২১৮৫টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৬টি স্থায়ী ও ২১৭৯টি অস্থায়ী। 

কর্মসূচি চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা প্রদান করা হবে। 

সদর হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক, প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, সদর হাসপাতালের আরএমও ডা. অরুপ পালসহ প্রমুখ।  

সদর হাসপাতালে টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে শিশুদের টিকা দেয়া আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।  

এ সময় সিভিল সার্জন নিজ নিজ এলাকার নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের টিকাদান নিশ্চিত করার জন্য অভিভাবকদের অনুরোধ জানান।