বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৭

রাজশাহীতে হাম-রুবেলা টিকাদান শুরু

রাজশাহী মহানগরীর ৫৪ হাজার ১শ’৪৪ শিশুকে টিকা দেয়া হবে।ছবি: বাসস

রাজশাহী, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : শিশুদের হাম-রুবেলা প্রতিরোধকল্পে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় স্থায়ী-অস্থায়ী মিলিয়ে মোট ৪৩৮ কেন্দ্রে আজ থেকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।   সোমবার সকাল ৮টায় নগরীর ১৩নং ওয়ার্ডে আরবান প্রাইমারি হেলথ সেন্টারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। টিকাদান কর্মসূচি ২০এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত চলবে। এই কর্মসূচির মাধ্যমে রাজশাহী মহানগরীর ৫৪ হাজার ১শ’৪৪ শিশুকে টিকা দেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার হাম-রুবেলা প্রতিরোধকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আজ থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ২০ এপ্রিল হতে ১০ মে ২০২৬ পর্যন্ত ১৪ কর্ম দিবসে রাজশাহী মহানগরীতে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৮ হাজার ৫২১ জন শিশুসহ সর্বমোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা দেয়া হচ্ছে। 

নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ১৮০টি কেন্দ্র ও ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ১৮টি স্থায়ী কেন্দ্রসহ সর্বমোট ৪৩৮টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২জন টিকাদানকারী ও ৩জন স্বেচ্ছাসেবী ও স্থায়ী কেন্দ্রে ১জন টিকাদানকারী ও ১জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে। 

তিনি বলেন, আশা করছি সকলের সহযোগিতায় আমরা হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে পারবো।

শিশুদের অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, আপনাদের সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে আসুন। একটি টিকা আপনার শিশুর সুস্থ ভবিষ্যতের নিশ্চিয়তা দিতে পারে। শিশুদের মধ্যে কোন হাম-রুবেলা রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থকেন্দ্রে নিয়ে যান ও চিকিৎসকের পরামর্শ নিন।

রাসিক প্রশাসক আরো বলেন, হাম রোগ প্রতিরোধকল্পে প্রায় ৭০ হাজার জনসচেতনামূলক লিফলেট বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশন নাগরিকদের প্রয়োজনে সব সময় পাশে আছে।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব মো. সোহেল রানা, রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম, রাসিকের ৭ ও ৯ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও আরএমপি‘র উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান, রাজশাহী বিভাগের পরিবার পরিকল্পনা পরিচালক ড. কুস্তরী আমিনা কুইন, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।