শিরোনাম

টাঙ্গাইল, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে বালুবোঝাই একটি ট্রাকের চাপায় ২ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
গতকাল শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চড়ভাবলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার আশরাফ আলী (৩২) এবং একই জেলার হাসমত আলী (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি বালুবোঝাই ট্রাকের সামনের ডান চাকা হঠাৎ ফেটে যায়। এতে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় আব্দুল মোনেম লিমিটেডের দেওয়া সাব ঠিকাদারের কাজে মহাসড়কে নিয়োজিত শ্রমিকদের ওপর ট্রাকটি উঠে যায়। ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন এবং আরও ২ জন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
তিনি জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে যমুনা সেতুর পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছে।