বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৯

মাদারীপুরে হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

প্রতীকী ছবি

মাদারীপুর, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চানমিয়া সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আজ রোববার সকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু নাঈম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চানমিয়া সিকদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চানমিয়া সিকাদার বিএনপি নেতা বাবুল ও মহাব্বাত হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়নের সভাপতি ছিলেন।

স্থানীয়দের দাবি, তার গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

উল্লেখ্য, চানমিয়া সিকদার কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপের ভগ্নিপতি বলে স্থানীয়ভাবে পরিচিত।