বাসস
  ১৮ এপ্রিল ২০২৬, ১৩:৫৯

কুড়িগ্রাম সীমান্তে বিভিন্ন্ মালামাল জব্দ, আটক ২

মাদকসহ চোরাচালানের সঙ্গে জড়িত ২ জনকে আটক করা হয়।ছবি: বাসস

কুড়িগ্রাম, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার বিভিন্ন সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অভিযান চালিয়ে ৫৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। এ সময় মাদকসহ চোরাচালানের সঙ্গে জড়িত ২ জনকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)’র একটি বিশেষ আভিযানিক দল পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে, জ্বালানি তেল, একটি মোটরসাইকেল এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৬ লাখ ৮ হাজার ৫ শত টাকা।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বাসস’কে বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।