শিরোনাম

পঞ্চগড়, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার চেংঠীহাজরা ডাংগা ইউনিয়নের লক্ষ্মী নারায়নী বালাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার ৪ ঘণ্টা পর বিকেল তিনটায় একজনের ও সাড়ে চারটার দিকে অন্য শিশুর মরদেহ ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, দেবীগঞ্জ উপজেলার চেংঠীহাজরা ডাংগা এলাকার রাশেদ হকের পুত্র রাজু ইসলাম (১০) ও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বাজিতপুর এলাকার হাসিনুর রহমানের পুত্র লাম্মিম হোসেন (১৩)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।
রাজু ইসলাম স্থানীয় ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি ও লাম্মিম হোসেন স্থানীয় ফুলতলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতো।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জুমার নামাজে যাওয়ার জন্য উপজেলার চেংঠী হাজরা ডাংগা ইউনিয়নের লক্ষী নারায়নী বালাপাড়া এলাকায় করতোয়া নদীতে গোসল করতে নামে দুই শিশু। রাজু সাঁতার না জানায় লাম্মিমের সাথে নদীতে গোসলে নামে। তবে গোসলের একপর্যায়ে রাজু ইসলাম নদীতে হাবুডুবু খেতে শুরু করলে তাকে তুলতে যায় লাম্মিম হোসেন। এক পর্যায়ে দুজনই নদীর গভীরে তলিয়ে যায়। দীর্ঘ সময় ধরে তারা বাসায় না ফেরায় দুপুর দুইটা থেকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে নদীর পাড়ে তাদের জুতা দেখতে পেয়ে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্য ও স্থানীয় মানুষজন।
বিকেল তিনটায় রাজুর মরদেহ পাওয়া গেলেও তখন লাম্মিমের মরদেহ পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় লাম্মিমের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
দেবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মো. মাইনুদ্দিন বলেন, রাজু ও লাম্মিম হোসেন দুজনের মামাতো ফুফাতো ভাই। শুক্রবার দুপুরে তারা দুজনে করোতোয়া নদীতে গোসল করতে যায় এরপরে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা রাজুকে উদ্ধার করলেও লাম্মিমকে খুঁজে পায়নি। পরে আমরা চেষ্টা করে তার মরদেহ উদ্ধার করি।
দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সচীন চন্দ্র রায় বলেন, লাম্মিম হোসেনের বাবার সাথে তার মায়ের বিচ্ছেদের পর থেকে সে মামা বাড়িতেই থাকতো। তার মা ঢাকায় গার্মেন্টসে কাজ করে। রাজু ও লাম্মিম হোসেন দুজনে বন্ধুর মতো একসাথে বেড়ে উঠেছে। তারা গোসল করতে গিয়ে দুজনেই নিখোঁজ হয়। পরে নদীতে দুজনেরই মরদেহ পাওয়া যায়। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, নিহত দুই শিশুর মরদেহ আমরা পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।