শিরোনাম

রাঙামাটি, ১৮ এপ্রিল ২০২৬ (বাসস): দেশের সব প্রেসক্লাবকে একই ছাতার নীচে আনার লক্ষ্যে জেলায় আন্ত:প্রেসক্লাব মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় রাঙামাটি প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসসের সাবেক বার্তা সম্পাদক আইয়ুব ভূঁইয়া সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, সাংবাদিকদের সুরক্ষাসহ তাদের অধিকার রক্ষায় দেশের সব প্রেসক্লাবকে একই ছাতার নীচে আনার উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, প্রাথমিকভাবে দেশের বিভাগীয় প্রেসক্লাবগুলোকে জাতীয় প্রেসক্লাবের আওতাভুক্ত করা হবে এবং পরবর্তীতে দেশের প্রতিটি প্রেসক্লাবকে জাতীয় প্রেসক্লাবের আওতায় আনা হবে।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীম, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. জসিম উদ্দিন চৌধুরী, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন রুবেল, সাবেক সভাপতি এস এম শামসুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ ও প্রেসক্লাবের সদস্য পুলক চক্রবর্তী প্রমুখ।
মতবিনিময় সভার আগে রাঙামাটি প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা জানানো হয়। সভায় চট্টগ্রাম এবং রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।