শিরোনাম

কিশোরগঞ্জ, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : কিশোরগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ‘মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প’-এর উদ্বোধন করা হয়েছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে শুক্রবার বিকেলে সদর উপজেলার নতুন জেলখানা রোড এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর আসনের এমপি ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান, পরিচালক রিয়াদ আহমেদ তুষার, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাছিম খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভারআয়োজন করা হয়। এতে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক একটি ডকুমেন্টারি উপস্থাপন করেন মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নুরুন্নাহার আফরিন। অনুষ্ঠানে শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এই প্রকল্পের পরিধি আরও সম্প্রসারিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে এই ধরনের উদ্যোগে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।