বাসস
  ১৭ এপ্রিল ২০২৬, ১৯:৪৯

নোয়াখালীর হাতিয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী মহিবুল্লাহকে আটক করেছে কোস্ট গার্ড। আজ শুক্রবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে মধ্য মাচুয়ারা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী মহিবুল্লাহ ওরফে মফুইল্ল্যা চোরাকে (৪১) আটক করা হয়। পরে মহিবুল্লাহ তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে দু’টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সন্ত্রাসী মহিবুল্লাহ নোয়াখালী জেলার হাতিয়া থানার বাসিন্দা। সে বিভিন্ন অপরাধকর্মের সঙ্গে সম্পৃক্ত এবং তার বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে বলে জানা যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।