বাসস
  ১৭ এপ্রিল ২০২৬, ১৯:৩৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় কাটায় একজনকে জেল-জরিমানা

ছবি: বাসস

চট্টগ্রাম, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে দুই লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, উপজেলার বাড়বকুণ্ড এলাকায় একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামে একটি কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ডের সিকিউরিটি ইনচার্জ ফরিদ আহমেদকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ (খ) ও ১২ ধারা লঙ্ঘন করায় এ শাস্তি প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস। এ সময় গবেষণাগার সহকারী মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।