শিরোনাম

নেত্রকোণা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় ৩ হাজার ১শত লিটার ডিজেল মজুত করার দায়ে আজ দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে মজুতকৃত ডিজেল জব্দ করে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২ টায় সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নেত্রকোণা সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ।
আদালত সূত্র জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে ঠাকুরাকোণা বাজারের ‘মেসার্স শংকর সাহা এন্টারপ্রাইজ’ ও ‘মেসার্স রাজিব ট্রেডার্স’কে দুটি পৃথক মামলায় মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় প্রতিষ্ঠান দুটি থেকে ৩ হাজার ১শত লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৫ হাজার টাকা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বাসসকে জানান, জেলায় জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে পুলিশ ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।