শিরোনাম

নেত্রকোণা, ১৬ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার খালিয়াজুরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃত মো. মাসুক মিয়া (৪৫) স্থানীয়দের কাছে ‘ইয়াবা ডিলার’ হিসেবে পরিচিত।
ভ্রাম্যমাণ আদালত চিহ্নিত এই মাদক কারবারিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। একইসাথে তাকে এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
গতকাল বুধবার বিকেলে উপজেলার চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত মাসুক মিয়া ওই গ্রামের মো. গিয়াস উদ্দিনের পুত্র। স্থানীয়দের কাছে তিনি ‘ইয়াবা ডিলার’ হিসেবে পরিচিত।
আদালত পরিচালনা করেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাদির হোসেন শামীম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মাসুক মিয়া নিজ বাড়িতে ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল তার বাড়ি ঘেরাও করে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় ইউএনও মো. নাদির হোসেন শামীম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি চালান।
তল্লাশিকালে তার ঘর থেকে ইয়াবা সেবন ও বিক্রির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ সময় মাসুক মিয়া অপরাধ স্বীকার করলে আদালত তাকে এই দণ্ডাদেশ প্রদান করেন।
খালিয়াজুরী থানার ওসি মো. নাসিরউদ্দিন জানান, মাসুক পুলিশের তালিকাভুক্ত পেশাদার মাদক কারবারি। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীম বলেন, মাদকের সরঞ্জামাদিসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে এবং নিজের স্বীকারোক্তির ভিত্তিতেই তাকে দণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এবং সমাজকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।