শিরোনাম

সুনামগঞ্জ, ১৬ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার জগন্নাথপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।
২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা কৃষি অফিসার মো. কাওছার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুরের সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ।
মোহাম্মদ কয়ছর আহমেদ এমপি বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের অক্লান্ত পরিশ্রমেই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। সরকার সময়মতো উন্নত মানের বীজ ও সার সরবরাহ করে কৃষিকে আরও লাভজনক করার চেষ্টা করছে। আমি আশা করি, এই প্রণোদনা ব্যবহার করে কৃষকরা আউশ ধানের ফলন বৃদ্ধি করবেন এবং দেশের সমৃদ্ধিতে অবদান রাখবেন।
এ কর্মসূচির আওতায় স্থানীয় কয়েকশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ এবং প্রয়োজনীয় পরিমাণ ডিএপি ও এমওপি সার তুলে দেওয়া হয়।
উপস্থিত কৃষকরা সরকারের এই মহতী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, সঠিক সময়ে বীজ ও সার পাওয়ায় আউশ চাষে তাদের খরচ কমবে এবং তারা অধিক উৎসাহের সঙ্গে চাষাবাদ করতে পারবেন।
অনুষ্ঠানে স্থানীয় কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।