বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ১৪:১৬

নীলফামারীতে ট্রাকের চাপায় দুই সহোদরের মৃত্যু

নীলফামারী, ১৫ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত  রাত ১২টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে জেলা সদরের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার পশ্চিম কুচিয়ারমোড় এলাকার তরিকুল ইসলাম বাবুর পুত্র মো. সিহাব হোসেন (১৯) ও মো. সোয়াদ (৬)। আহত কিশোর একই এলাকার স্টালিনের পুত্র মো. হোসেন (১০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেক্সটাইল বাজার থেকে হাঁটাপথে বাড়ি ফিরছিল তারা। এ সময় নীলফামারীগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুই সহোদরের মৃত্যু হয়। গুরুতর আহত মো. হোসেনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।