বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ১৩:২৮
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৪:০৪

ফেনীতে ৫ দিনব্যাপী লোকজ মেলা

ফেনী জেলা প্রশাসনের আয়োজনে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত। ছবি: বাসস

ফেনী, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : ফেনীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে শহরের পিটিআই মাঠে ৫দিন ব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে যায়। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মনিরা হক বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম ও সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মো. নবী নেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী। মেলায় ৪০টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত।

প্রধান অতিথির বক্তব্যে মনিরা হক বলেন, বাংলা নববর্ষ একটা সার্বজনীন উৎসব। সকল ধর্ম, বর্ণের মানুষ এ দিনটি বরণ করবে। জুলাইয়ের মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। আমরা যেন সে গণতন্ত্র ধরে রাখতে পারি বর্ষবরণে সে প্রত্যাশাই করি।

এরআগে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে সকাল ৮টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শহরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলেজ রোড, মিজান রোড ও ট্রাংক প্রদক্ষিণ করে প্রাথমিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। এতে বাংলার লোকজ ঐতিহ্য তুলে ধরা হয়।