বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৬

লালমনিরহাটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ভারতীয় ইস্কাফ সিরাপ ও বিভিন্ন প্রকার মসলা জব্দ করেছে বিজিবি।ছবি: বাসস

লালমনিরহাট, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও বিভিন্ন প্রকার মসলা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল মঙ্গলবার লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনচোকি ও রামখানা বিওপি’র আওতায় ২টি বিশেষ টহল দল পৃথক অভিযান চালায়।

গত ১২ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে হাতীবান্ধা উপজেলার আমঝোল এলাকায় এবং একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব রামখানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে ১০১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ২৩ কেজি এলাচ এবং ১৫ কেজি জিরা জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মধ্যে ইস্কাফ সিরাপের মূল্য ৪০ হাজার ৪শ’ টাকা, এলাচ ১ লাখ ৩৮ হাজার টাকা এবং জিরা ১৫ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের মোট মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৪শ’ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বাসস’কে বলেছেন, সীমান্তে চোরাচালান ও মাদক দমনে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।