শিরোনাম

বাগেরহাট, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে বাগেরহাট জেলা কারাগারে গতকাল মঙ্গলবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়। বন্দী ও কারা স্টাফদের অংশগ্রহণে কারাগার প্রাঙ্গণ আনন্দ-উচ্ছ্বাসে ভরে ওঠে।
নববর্ষের সকালে বন্দীদের জন্য পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ও আলু ভর্তা। পাশাপাশি বন্দীদের অংশগ্রহণে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা দিনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
দুপুরে বন্দীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। এতে ছিল পোলাও, মুরগির রোস্ট, ডিমের ঝোল, সালাদ, মিষ্টি, কোমল পানীয় এবং পান-সুপারি। এ সময় মোট ৪৯৩ জন বন্দী নববর্ষের অনুষ্ঠানে অংশ নেন।
বিশেষ খাবার বিতরণ অনুষ্ঠানে জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি ও এডিসি (শিক্ষা) জয়দেব চক্রবর্তী উপস্থিত ছিলেন।
কারা স্টাফদের জন্যও পৃথকভাবে আয়োজন করা হয়। কারারক্ষী ব্যারাকে সকালে পান্তা-ইলিশ এবং দুপুরে বিশেষ খাবার হিসেবে মোরগ পোলাও পরিবেশন করা হয়।
দিনটি উপলক্ষ্যে বর্ষবরণ উৎসবকে রঙিন করতে জেলা কারাগারের অভ্যন্তরে বর্নিলভাবে সাজানো হয় এবং কারাগারের সম্মুখভাগে বন্দিদের নিপুন তুলিতে বৈশাখি আলপনা আঁকা হয়।
বিকেলে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া স্টাফদের অংশগ্রহণে হাড়ি ভাঙা, বল নিক্ষেপ এবং মহিলাদের জন্য বালিশ খেলা ও বল নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বাগেরহাট জেলা কারাগারের জেলার খন্দকার আল-মামুন বাসস’কে জানান, বর্তমান সরকারের মানবিক ও জনবান্ধব নীতির ফলে কারাগারের পরিবেশে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। তিনি জানান, উন্নয়নমূলক কর্মকাণ্ডে বন্দীরা এখন অনেকটাই স্বস্তিতে রয়েছেন এবং কারাগারের পরিবেশ আগের তুলনায় অনেক বেশি মানবিক ও বাসযোগ্য হয়ে উঠেছে।