শিরোনাম

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ-এর চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ৪৭ লক্ষাধিক টাকা মূল্যের ১.১১৬ কেজি ওজনের ১০টি স্বর্ণের বারসহ আলমগীর খান (৫৫) নামে এক পাচারকারীকে আটক করেছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে বিজিবির একটি টহলদল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওঁত পেতে থাকে।
এসময় এক ব্যক্তি বাংলাদেশ থেকে ওই এলাকা অতিক্রম করে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার জন্য সংকেত দেয়। কিন্তু সে সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি টহলদল ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি দর্শনা মোবারকপাড়া গ্রামের মৃত বাদল খানের ছেলে মো. আলমগীর খান (৫৫)।
পরবর্তীতে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও চোরাচালানে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।