শিরোনাম

রংপুর, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : রংপুরে আজ সোমবার নভোথিয়েটার স্থাপন (দ্বিতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষার স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রংপুর গণপূর্ত জোনের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রংপুর গণপূর্ত জোনের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে আইএমইডির ও সিভিক ফাউন্ডেশন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৭, আইএমইডি-এর মহাপরিচালক (যুগ্ম সচিব) ড. মো. মনজুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন রংপুর গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মিজানুর রহমান, পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৭, আইএমইডি-এর পরিচালক (উপসচিব) সাইফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (উপসচিব) মো. আল আমিন, পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৭, আইএমইডি-এর উপপরিচালক শারমীন ইয়াসমিন, রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নভোথিয়েটার রংপুর স্থাপন (দ্বিতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) আব্দুল হালিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মনজুরুল ইসলাম বলেন, রংপুরের এই আধুনিক নভোথিয়েটারটি ভালোভাবে বাস্তবায়ন হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েরা বিজ্ঞান সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে পারবে। যাতে করে মানুষজন মহাকাশ সম্পর্কে জানতে ও গবেষণা করতে পারে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি হলে ইতিবাচক সমাজ গঠনে সহায়তা হিসেবে কাজ করবে।
খুব দ্রুত সময়ের মধ্যেই প্রকল্পটির বাকি কাজ শেষ হবে বলে আশা করছি। নভোথিয়েটারের নির্মাণ কাজ শেষে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সিভিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. মো. রহমাত উল্লাহ্।