শিরোনাম

চুয়াডাঙ্গা, ১৩ এপ্রিল, ২০২৬ ( বাসস) জেলার জীবননগর ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এক যুবককে কারাদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা শহরের জীবননগর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত যুবক মহেশপুর উপজেলার তেলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিফাত হোসেন (২০)।
এছাড়াও কাগজপত্র না থাকাসহ অন্যান্য অপরাধে ৫ জনকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে সিফাত হোসেন নামের এক যুবক জীবননগর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। ওই সময় সে পাম্পে অহেতুক বিশৃঙ্খলা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করেন। এ সময় তিনি উপস্থিত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অশোভন আচারণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই সময় আটক যুবকের অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে আদালতের আদেশ অনুযায়ী আজ দুপুরে সাজাপ্রাপ্ত যুবককে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া কাগজপত্র না থাকাসহ অন্যান্য অপরাধে ৪ জনকে ৪ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইনে ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।