শিরোনাম

\ মোফাজ্জেল হোসাইন \
বরিশাল, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ (১৪৩৩) বরণে বরিশালে চলছে নানা প্রস্তুতি। প্রতিবছরের মত এ বছরও বরিশাল চারুকলার আয়োজনে অনুষ্ঠিত হবে বৈশাখী শোভাযাত্রা।
এ শোভাযাত্রায় বরাবরের মতো এবারও রঙ-বেরঙের মুখোশ, মুকুট, টোপর, পাখা, রাখি ও কাগজের তৈরি টিয়া পাখিসহ লোকশিল্পের নানা উপকরণ থাকছে। আর এগুলো প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন চারুকলার শিল্পীরা।
উদীচী শিল্পীগোষ্ঠী ও বরিশাল নাটক এর আয়োজনে আগামীকাল মঙ্গলবার বরিশাল ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণে সকাল সাড়ে ৬ টায় প্রভাতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭ টায় সেখানে বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা প্রদান করা হবে। সকাল পৌনে ৮ টায় জাতীয় সংগীত পরিবেশন করা হবে। সবশেষ সকাল ৭ টা ৫০ মিনিটে রাখি পরিয়ে ও ঢাক বাজিয়ে শোভাযাত্রার উদ্বোধন করা হবে। বরিশাল চারুকলার আয়োজনে অনুষ্ঠিত হবে বৈশাখী শোভাযাত্রা।
এছাড়াও বাংলা নববর্ষকে কেন্দ্র করে উদীচীর আয়োজনে ব্রজমোহন বিদ্যালয় মাঠে আয়োজন করা হবে তিন দিনব্যাপী বৈশাখী মেলা।
বাংলা নববর্ষ উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়ছেন শিল্পীরা। তারা জানান, ইতিমধ্যে বৈশাখী শোভাযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বরিশাল চারুকলার শিশু শিল্পী আনিকা জানান, আমরা বর্ষ বরণের শোভাযাত্রার জন্য বিভিন্ন মুখোশ, বিভিন্ন রঙের ক্যাপ ও রাখি তৈরি করেছি। বর্ণিল আয়েজনে উৎসব হবে সবার জন্য।
শুভ নামে আরেক জন বলেন, আমাদের প্রকৃতি থেকে টিয়া পাখি প্রায় বিলুপ্ত। তাই এ বছর আমরা টিয়া পাখি তৈরি করছি। আমাদের কাজ প্রায় শেষ।
চারুকলা বরিশালের সমন্বয়ক সুশান্ত ঘোষ বলেন, বাঙালির এই উৎসব মিশে আছে ফসলের ঘ্রাণে। হেমন্তের ধান কাটার পর নতুন বছরকে বরণ করার যে প্রথা, তা আজ রূপ নিয়েছে সার্বজনীন উৎসবে। এবারের বৈশাখী
শোভাযাত্রার সম্মুখভাগে পূর্ণতা দিতে তৈরি হচ্ছে বিশাল আকৃতির টিয়া পাখি এবং বাঙালির লোকজ ঐতিহ্যের নানা বৈচিত্র্যময় মুখোশ।
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভঙ্কর চক্রবর্তী বাসসকে বলেন, আগামীকাল মঙ্গলবার সকালে বরিশাল বিএম স্কুল প্রাঙ্গণ থেকে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। আমরা শোভাযাত্রার মাধ্যমে ঐক্য, সম্প্রীতি ও গণতন্ত্রের বার্তা দিতে চাই।
উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের কার্য নির্বাহী কমিটির সদস্য আবুল খায়ের সবুজ বাসসকে বলেন, ৪৪ বছর ধরে বিএম স্কুল মাঠে বৈশাখী মেলার আয়োজন করে আসছে উদীচী শিল্পীগোষ্ঠী। পহেলা বৈশাখের সকালে প্রভাতি অনুষ্ঠান। এরপর গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শিল্পীরা নতুন বছরকে স্বাগত জানাবেন।
এদিকে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়েছে বরিশাল জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে সকাল ৮ টায় বরিশাল সার্কিট হাউজ থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। পরে সাকির্ট হাউজে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে। বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদার এক চিঠির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
শুধু চারুকলা আর উদীচী শিল্পীগোষ্ঠী নয়, বাংলা নববর্ষকে বরণ করে নিতে বরিশালের ৩৫টি সাংস্কৃতিক সংগঠনে চলছে কর্মব্যস্ততা।