বাসস
  ১৩ এপ্রিল ২০২৬, ১৪:২৫

নওগাঁয় কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। ছবি: বাসস

নওগাঁ, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন চৈতি। এছাড়াও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিকে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম বলেন, প্রতিনিয়তই হু হু করে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে আবাদযোগ্য জমিও কমছে। তাই সরকারের পক্ষ থেকে যে উচ্চ ফলনশীল জাতের বিভিন্ন ফসলের বীজ ও অন্যান্য উপকরণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে সেগুলো শতভাগ চাষ করে ফলন বৃদ্ধির কোনো বিকল্প নেই। তাই যাদের প্রয়োজন নেই তারা অনুগ্রহ করে কৃষি প্রণোদনার উপকরণ নিবেন না। যারা প্রকৃতপক্ষে চাষাবাদ করবেন তাদেরকে উপকরণগুলো প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ-১ মৌসুমে পাট, উফশী আউশ ধান, গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের ২হাজার ১শ’ জন চাষিকে উফশী আউশ সহায়তা দেওয়া হচ্ছে। প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে আবাদের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার পাচ্ছেন। এছাড়া গ্রীষ্মকালীন মুগ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ২০ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, তিল চাষে ৩০জন কৃষকের প্রতিজন কৃষক ১কেজি বীজ,  ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, পাট চাষে ৫০জন কৃষকের প্রতিজন কৃষক ১কেজি বীজ,  ৫ কেজি ডিএপি ও ৫ কজি এমওপি সার পাচ্ছেন। এছাড়া ৬জন কৃষক ১টি করে এয়ার ফ্লো মেশিন সহায়তা হিসেবে পাচ্ছেন।