শিরোনাম

চুয়াডাঙ্গা, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : চুয়াডাঙ্গার দর্শনায় প্রায় আড়াই কোটি টাকা মুল্যের ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারি আটক করেছে বিজিবি। সোমবার ভোর ৬টার দিকে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকা থেকে স্বর্ণের বারসহ চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত চোরাকারবারি দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার বাদল খানের ছেলে আলমগীর খান (৫৫)।
চুয়াডাঙ্গা ৬ (বিজিবি) -ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান সকাল সাড়ে ৯টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওঁৎ পেতে থাকে। এসময় এক ব্যক্তি উক্ত এলাকা অতিক্রম করে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার জন্য সংকেত দেয়। কিন্তু সে সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাৎক্ষণিক ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করে।
পরবর্তীতে জনসাধারণের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে কোমরে খাকি স্কচ টেপ দ্বারা মোড়ানো ২টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।