বাসস
  ১২ এপ্রিল ২০২৬, ১৪:৪২

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে তঞ্চঙ্গ্যাদের বিষু উৎসব

বিষু উৎসব উপলক্ষে জেলার কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ছবি: বাসস

রাঙামাটি, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস) : তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিষু উৎসব উপলক্ষে জেলার কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি রৈস্যাবিলি অঞ্চলের যৌথ আয়োজনে আজ রোববার সকালে উপজেলার কর্ণফুলী স্টেডিয়াম হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কাপ্তাই উপজেলা সদরে এসে শেষ হয়।

তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নারী, পুরুষ সকলে মিলে ঢাক, ঢোল বাজিয়ে এবং নেচে, গেয়ে এই র‌্যালিতে অংশ নেন।

র‌্যালি শেষে ‘সংস্কৃতির ঐতিহ্যের শেকড়ের টানে’ এ স্লোগানে কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিষু উদযাপন পরিষদের সদস্য সচিব রূপময় তঞ্চঙ্গ্যা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক নির্মল চন্দ্র তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিষু উৎসবে সকল সম্প্রদায়ের লোকজন অংশ নিয়েছেন। এটা আমাদের ঐতিহ্যের অংশ। এই ফুল ভাসানোর উৎসব একদিন বিশ্ব দরবারে পৌঁছে যাবে। বিষু উৎসবের মাধ্যমে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির সেতুবন্ধন আরো সুদৃঢ় হবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন সবাই।